যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা পাওয়া যাবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করতে চাইলে ভিসা পাওয়া যাবে না।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীর সন্তান জন্ম দেওয়া এবং শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব লাভ করাই যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চাওয়ার প্রধান উদ্দেশ্য হলে এবং কনস্যুলার কর্মকর্তারা তেমনটি মনে করলে তারা ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের একটি নির্দেশিকা অনুযায়ী, ন্যায়নির্ণায়ক কর্মকর্তাদেরকে আবেদনকারীর অভিপ্রায় খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে তারা যদি দেখতে পান, ভ্রমণের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব পাওয়া তাহলে ভিসা মঞ্জুর করা যাবে না।
বার্থ ট্যুরিজম হিসাবে যাতে ভ্রমণ ভিসার অপব্যবহার না হয়, সে লক্ষ্যে মার্কিন সরকারের বৃহত্তর নীতির অংশ হিসাবেই এই নিয়ম করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পায়।
এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়। নতুন নিয়মে এ ধরনের বার্থ টুরিজম আর সহজ হবে না।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে। এটি বিশ্বব্যাপী বহু বিদেশি নাগরিকদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।



